নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে ‘খাসির মাংস’ বলে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৫ কেজি মাংসসহ কুকুরের মাথা ও চামড়া উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীদের তোপের মুখে দ্রুত দোকান অভিযুক্ত দুজন পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাটের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। তারা নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন। রোববার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার ঘটনা স্থানীয়রা টের পান। পরে বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দোকানে থাকা মাংস ফেলে পালিয়ে যান। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে অল্প সময়েই শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ‘জবাই করা’ কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করে পুলিশ।
জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন।
মন্তব্য করুন