ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে আবারও জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। দ্বিতীয় দফার ভোটের আগেই তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে একদিনেই একাধিক শীর্ষ নেতা মাঠে নামায় ব্যাপক নির্বাচনী উত্তেজনা দেখা দিয়েছে পুরো রাজ্যে।
শুক্রবার (২৪ এপ্রিল) নিউজ অন এয়ারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে শাসক দলের প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিরোধী শিবিরের হয়ে মাঠে নেমেছেন।
জানা যায়, কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও একইদিনে তিনটি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করবেন। বিকেল ৩টায় হুগলির শ্রীরামপুরের গুমোডাঙা স্কুল মাঠে একটি জনসভা দিয়ে তার কর্মসূচি শুরু হবে। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে কলকাতার শহিদ মিনারে এবং বিকেল ৫টা ৪৫ মিনিটে মেটিয়াবুরুজ হাইস্কুল মাঠে দুটি সভায় ভাষণ দেবেন তিনি।
অপরদিকে অমিত শাহও কর্মসূচিতে ব্যস্ত। তিনি দুপুর ২টা ৪৫ মিনিটে জামালপুরের সেলিমাবাদ তরুণ সংঘের মাঠে জনসভা করবেন এবং বিকেল ৪টায় শ্যামপুরে একটি সভায় অংশগ্রহণ করবেন। পরে বিকেল ৫টা ১০ মিনিটে হাওড়ায় একটি বিশাল রোড শো করবেন এবং সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রানিকুঠি মোড় থেকে যুব সংঘ মাঠ পর্যন্ত প্রচার চালাবেন।
এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জনসভা ও রোড শো পরিচালনা করছে শাসক দলের তৃণমূল কংগ্রেসও। মমতা ও অভিষেক উন্নয়ন এবং সামাজিক প্রকল্পের কথা তুলে ধরে ভোটারদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের এই ‘হাইভোল্টেজ’ প্রচার আসলে ভোটের আগে শেষ মুহূর্তের মনস্তাত্ত্বিক লড়াই। প্রতিটি দলই চেষ্টা করছে নিজেদের পক্ষে জনমত গড়ে তুলতে এবং অনিশ্চিত ভোটারদের প্রভাবিত করতে। গত কয়েক দিনে সাধারণ ভোটারদের মধ্যেও এই প্রচারকে ঘিরে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকায় জনসভা এবং রোড শো ঘিরে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন